
যশোর প্রতিনিধি
বিএনপির সাবেক মন্ত্রী ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের চৌগাছায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে চৌগাছা উপজেলা ও পৌর বিএনপি।
মরহুম তরিকুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় এ খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম। এ সময় তিনি মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, দেশ ও দলের প্রতি তাঁর অবদান এবং গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পাশাপাশি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আলোচনা ও স্মরণপর্ব শেষে উপস্থিত নেতাকর্মীরা এলাকার দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। আয়োজকরা জানান, মরহুম তরিকুল ইসলামের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, তরিকুল ইসলাম বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা ও সাবেক মন্ত্রী ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ে স্মরণমূলক কর্মসূচি পালিত হয়ে থাকে।
আরিফ হোসেন 

















