
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। বুধবার সকাল থেকে মহাসড়কে দূরপাল্লার যানবাহন তুলনামূলক কম দেখা গেলেও স্থানীয় যানবাহন চলাচল করেছে। কোথাও শ্রমিক বিক্ষোভ বা মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।
সকালে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে গেলেও কিছুক্ষণ পর শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে আসেন। কোনো ধরনের ভাঙচুর, হট্টগোল বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে বেশ কিছু কারখানা বুধবারও বন্ধ রয়েছে। এতে সকালে শিল্পাঞ্চলে কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করলেও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শ্রমিক আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার ১২ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন এসআরবি ও ৫ প্লাটুন আনসারসহ মোট ২৫ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। তাঁদের সঙ্গে দায়িত্বে রয়েছেন ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গাজীপুরের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেন, শ্রমিকদের আন্দোলন ধীরে ধীরে স্থিমিত হয়ে এসেছে। শ্রমিকেরা বুঝতে পেরেছেন, এ আন্দোলন আর তাঁদের নেই। সরকার মজুরি বোর্ড গঠনসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় প্রকৃত শ্রমিকেরা আশ্বস্ত হয়ে আন্দোলন থেকে সরে এসেছেন।
Reporter Name 


















