
নিজস্ব প্রতিনিধি ,পাবনা
পাবনার ফরিদপুর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় পাঁচটি ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ইটভাটাগুলোর মালিকদের মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ইটভাটাগুলোর অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকাল ৩ টার সময় পরিবেশ অধিদপ্তর পাবনার প্রসিকিউটর আব্দুল মমিন ও সহকারী পরিচাল ইউসুফ আলীর সমন্বয়ে গঠিত একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ইটভাটার মালিকদের মধ্যে থানাপাড়া এলাকার মোঃ ইমদাদুল হককে ৭ লাখ টাকা, জহুরুল ইসলামকে ৫ লাখ টাকা, ডেমরা এলাকার রবিউল ইসলামকে ৮ লাখ টাকা এবং আনিসুল ইসলামকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী দল জানায়, ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৫ ও ৬ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র ও অনুমোদন না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ইটভাটাগুলো চালু না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
Reporter Name 









