
নিজস্ব প্রতিনিধি :-
পাবনার সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ নিয়ে জেলাজুড়ে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি উন্নত যোগাযোগ ব্যবস্থা, আধুনিক চিকিৎসাসেবা, উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং কৃষি ও প্রযুক্তি খাতের বিকাশ। তবে এসব উন্নয়ন সম্ভাবনা ও উদ্যোগ নিয়ে যখন আলোচনা চলছে, তখন একটি মহল বিভিন্ন অজুহাতে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। পাবনার সাধারণ মানুষের পক্ষ থেকে যেসব গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক দাবি ও উদ্যোগ সামনে এসেছে, তার মধ্যে রয়েছে পদ্মা ব্যারাজ নির্মাণ, পাবনা-ঢাকা সরাসরি রেল যোগাযোগ চালু, ওয়াই-ব্রিজ প্রকল্প এবং ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ । পাবনায় একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস স্থাপন। স্বাস্থ্যসেবার মান বাড়াতে ৫০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা।
আইটি ভিলেজ বা হাই-টেক পার্ক প্রতিষ্ঠা।
এছাড়াও সড়ক-মহাসড়ক সম্প্রসারণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবিও জোরালোভাবে উঠে আসছে। পাবনাবাসীর মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জেলার শিক্ষা, চিকিৎসা, যাতায়াত ও কর্মসংস্থানের সুযোগ বহুগুণ বেড়ে যাবে। সংশ্লিষ্টদের মতে, আলোচিত প্রকল্পগুলোর বর্তমান প্রকৃত অবস্থা কী অর্থাৎ কোনটি কেবল প্রস্তাবিত, কোনটি অনুমোদিত, কোনটির কাজ চলমান এবং কোনটি ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে তা সরকারি নথি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক তথ্যের ভিত্তিতে যাচাই করা জরুরি। এতে জনমনে সঠিক তথ্য পৌঁছাবে এবং অযৌক্তিক বিভ্রান্তি দূর হবে। উন্নয়ন উদ্যোগকে কেন্দ্র করে একটি কুচক্রী মহলের মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন পাবনার সচেতন নাগরিক ও সাধারণ মানুষ। তাদের স্পষ্ট বক্তব্য, উন্নয়নের স্বার্থে গঠনমূলক সমালোচনা ও যৌক্তিক প্রশ্ন তোলার সুযোগ থাকা উচিত; কিন্তু যাচাই-বাছাই ছাড়া তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা জেলার সামগ্রিক স্বার্থের পরিপন্থী। পাবনার উন্নয়ন কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর বিষয় নয় এটি এ অঞ্চলের লাখ লাখ মানুষের স্বপ্ন ও অধিকারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই দলমত নির্বিশেষে পাবনার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জেলাবাসী।
Reporter Name 










