
সালিশে জাল প্রমাণের পরও মিলছে না প্রতিকার, আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে পরিবার
জুয়েল হোসেন, নিজস্ব প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে ভুয়া দলিল তৈরি করে বড় ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ ও তার পরিবারকে ঘরছাড়া করার অভিযোগ উঠেছে ছোট ভাই সঞ্জয় সরকারের বিরুদ্ধে। বর্তমানে মৃত দীনেশ সরকারের স্ত্রী ও একমাত্র নাবালক সন্তান প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০২৪ সালের ২৯ অক্টোবর মারা যান জগদীশ চন্দ্র সরকার। এর প্রায় এক বছর আগেই মারা যান তার বড় ছেলে দীনেশ সরকার। অভিযোগ রয়েছে, পিতার মৃত্যুর প্রায় ৯ মাস পর ছোট ছেলে সঞ্জয় সরকার দুটি ভুয়া দলিল তৈরি করে জমি আত্মসাৎ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৯ মে ৪৩৬২ নম্বর দলিলে ৬৩ শতাংশ এবং একই বছরের ৭ সেপ্টেম্বর ৮২৬৩ নম্বর দলিলে ১১৫ শতাংশ জমি জালিয়াতির মাধ্যমে নিজের নামে দেখানো হয়। পরে মৃত দীনেশ সরকারের স্ত্রী ও সন্তানকে বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়।
এ ঘটনায় কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নে একটি সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে সঞ্জয় সরকারের উপস্থাপিত দুটি দলিলই ভুয়া ও জাল বলে প্রমাণিত হয়। পরে সূত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান সুলাইমান হোসেন মিন্টু স্থানীয় ইউপি সদস্য ফজলুল হককে মৃত জগদীশ চন্দ্র সরকারের সম্পত্তি সমহারে বণ্টনের নির্দেশ দেন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মেম্বারদের উপস্থিতিতে উভয় পক্ষ আপস-মীমাংসার মাধ্যমে সম্পত্তি বণ্টন করে নিলেও, পরে আবারও সঞ্জয় সরকার তার ভাইয়ের স্ত্রী ও সন্তানকে ভয়ভীতি দেখিয়ে সম্পূর্ণ জমি থেকে বেদখল করেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবার জানায়, এ বিষয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি।
সূত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান সুলাইমান হোসেন মিন্টু ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সাব-রেজিস্ট্রি অফিসে যাচাই-বাছাই করে দলিল দুটি ভুয়া প্রমাণিত হওয়ায় সম্পত্তি সমহারে বণ্টনের সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। কিন্তু পরে সঞ্জয় সরকার তা মানেননি।”
এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর সাব-রেজিস্টার কামরুল হাসান সরকার বলেন, “৪৩৬২ ও ৮২৬৩ নম্বর দলিল দুটি আমাদের রেজিস্টারে নেই। দলিল দুটি সম্পূর্ণ ভুয়া।”
Reporter Name 









