
মোঃ আব্দুল আজিজ শেখ (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি, হাত ধোয়ার প্রচার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নিয়ামতপুরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বাবুল আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, সমবায় কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা খাদ্য কর্মকর্তা পারভেজ আনোয়ার, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সহকারী প্রকৌশলী আফজাল হোসেন এবং ক্ষুদ্রঋণ বিতরণ কার্যক্রমের কর্মকর্তা ইমরান আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
কর্মসূচিতে হাত ধোয়ার সঠিক পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দৈনন্দিন জীবনে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা বলেন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগ প্রতিরোধে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার বিকল্প নেই। বিশেষ করে খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং শিশুর পরিচর্যার আগে ও পরে সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
এ সময় বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
মোঃ আব্দুল আজিজ শেখ 


















