
নিজস্ব প্রতিনিধি
পাবনার বেড়া উপজেলায় জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এ সভায় প্রশাসন ও জনসাধারণের মধ্যে সমন্বয় জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ডো চাকমা, সহকারী কমিশনার (ভূমি) নুরের মাইশা খান, উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত কবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা।
সভায় স্থানীয় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, সরকারি সেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
বক্তারা বলেন, প্রশাসন ও জনগণের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা করা গেলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও টেকসই হবে। সভায় অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয় তুলে ধরেন এবং সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বেড়ার এই মতবিনিময় সভা প্রশাসন ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Reporter Name 









