
পাবনা প্রতিনিধি
পাবনায় জ্বালানি তেলের তীব্র সংকট যখন চরমে, ঠিক তখনই টেবুনিয়া এলাকায় দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। ফিলিং স্টেশনগুলোতে ডিজেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরছেন সাধারণ মানুষ ও কৃষকরা। অথচ খোলা বাজারে দিব্যি মিলছে ডিজেল—তাও আবার চড়া দামে!
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে প্রতি লিটার ডিজেল প্রায় ১২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। অভিযোগের তীর টেবুনিয়ার এক ডিলার শাহিন এবং তার ছেলে সিরাজুল ইসলামের দিকে। তাদের নিয়ন্ত্রণে গড়ে উঠেছে একটি শক্তিশালী সিন্ডিকেট, যারা পাম্পে সরবরাহ কমিয়ে বাজারে বেশি দামে তেল বিক্রির মাধ্যমে মোটা অঙ্কের মুনাফা হাতিয়ে নিচ্ছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—এই অবৈধ কারবারের পেছনে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই-এর কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশ থাকার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অর্থের বিনিময়ে এই সিন্ডিকেটকে “ম্যানেজ” করে নির্বিঘ্নে চালানো হচ্ছে তেলের কালোবাজারি।
এদিকে সেচ মৌসুমে কৃষক, পরিবহন চালকসহ বিভিন্ন পেশার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। পাম্পে তেল না পেয়ে দিশেহারা তারা, আর অন্যদিকে প্রকাশ্যে চলছে অতিরিক্ত দামে বিক্রি—তবুও নেই প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ।
জনমনে প্রশ্ন:
কার ইশারায় চলছে এই সিন্ডিকেট? কেন নীরব প্রশাসন?
সচেতন মহলের জোর দাবি—
অবিলম্বে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, নইলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।
Leave a Reply