
৩ বিদেশি রিভলভার, ওয়ান শুটার ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার • গ্রেফতার ১, পলাতক ১
স্টাফ রিপোর্টার, পাবনা:
পাবনা সদর এলাকায় গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) ভোররাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পাবনার পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রেজিনুর রহমানের তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন ডিবির অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম। তার সঙ্গে ছিলেন এসআই বেনু রায় ও এসআই মাহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ৩টি বিদেশি ২২ বোর রিভলভার, ২ রাউন্ড তাজা গুলি এবং একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রিভলভারগুলোতে “Made in Pakistan” লেখা রয়েছে। এছাড়াও দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
এসময় মো. অলি হোসেন (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি পাবনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আরিফপুর হাজিরহাট এলাকার বাসিন্দা। তার পিতা রব্বেল শেখ ও মাতা অলিফা খাতুন।
অভিযানের সময় তার সহযোগী মো. শুভ ফকির (২৫) পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply