
স্টাফ রিপোর্টার
পাবনার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে তাঁকে বাড়িতে না পেয়ে তাঁর প্রতিবেশী ও কাকাতো ভাইয়ের ছেলে নরেশ বিশ্বাস নামে এক নাপিতকে আটক করেছে পুলিশ। পরে তাঁকে থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তবে নরেশের বিরুদ্ধে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কৈডাঙ্গা গ্রামের নদীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পেছনে ভাঙ্গুড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুকেশ বিশ্বাসের বাড়িতে এ অভিযান চালানো হয়। এ সময় সুকেশকে বাড়িতে না পেয়ে তাঁর কাকাতো ভাই কৃষ্ণ হালদারের ছেলে নরেশ বিশ্বাসকে আটক করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সুকেশ কুমার বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কর্মসূচি পালন করতেন। এসব কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করতেন তিনি। সম্প্রতি দেশব্যাপী ছাত্রলীগের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে তাঁকে আটকের উদ্যোগ নেয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সুকেশ ও নরেশ পাশাপাশি বাড়িতে বসবাস করেন। সুকেশ মাঝেমধ্যে নরেশের সদ্য নির্মিত বাড়িতে যাতায়াত করতেন। সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতার অসুস্থতা উপলক্ষে ওই বাড়ির একটি কক্ষে প্রার্থনার আয়োজন করা হয়। সেই আয়োজনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভিডিওর সূত্র ধরে বাড়িটির অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে সেখানে অভিযান চালানো হয়।
তবে স্থানীয় ব্যবসায়ীদের দাবি, নরেশ দীর্ঘদিন ধরে নাপিতের কাজ করে জীবিকা নির্বাহ করছেন। তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কোনো তথ্য তাঁদের জানা নেই। নরেশের সেলুনটি উপজেলার কলেজপাড়া এলাকায়। সেলুনের পাশের কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রায় এক দশক ধরে নরেশ সেখানে নাপিতের কাজ করছেন। তাঁকে কখনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে দেখেননি তাঁরা।
এলাকাবাসীর দাবি, নরেশের বিরুদ্ধে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ততার কোনো সুনির্দিষ্ট তথ্য তাঁদের জানা নেই। তাঁর গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও সমালোচনা দেখা দিয়েছে। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি হিসেবে নরেশের আয়ের ওপরই সংসার নির্ভরশীল বলেও জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে ফেসবুকে যোগাযোগ করা হলে সুকেশ কুমার বলেন, নরেশ তাঁর প্রতিবেশী হলেও ছাত্রলীগের কোনো সহযোগী বা কর্মী নন। তিনি পেশায় একজন নাপিত। সম্প্রতি প্রার্থনার আয়োজন উপলক্ষে নরেশের সদ্য নির্মিত বাড়ির প্রায় ফাঁকা একটি কক্ষে তিনি প্রসাদ গ্রহণ করেছিলেন। এ কারণে পুলিশ নরেশকে আটক করেছে বলে দাবি করেন সুকেশ। তাঁর মতে, নরেশকে গ্রেপ্তার করা অন্যায় হয়েছে।
নরেশের ছাত্রলীগের সঙ্গে কোনো সম্পৃক্ততা না থাকলে তাঁকে কেন বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হলো—এমন প্রশ্নের জবাবে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিউল আযম বলেন, নাশকতা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সুকেশ কুমারের ফেসবুকে প্রচারিত বিভিন্ন কর্মকাণ্ডের ভিডিও যাচাই-বাছাই করে অভিযান চালানো হয়েছে। ওই বাড়িতে অনুষ্ঠান ও কর্মসূচি পালনের জন্য নরেশের ঘর ব্যবহার করা হয়েছে। সম্পৃক্ততা না থাকলে তিনি কেন তাঁর ঘর ব্যবহার করতে দিলেন, সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকেশ পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। এ সময় নরেশকে আটক করে থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, শুধু বাড়িতে কোনো অনুষ্ঠান বা কর্মসূচি আয়োজনের কারণে একজন ব্যক্তিকে মামলায় গ্রেপ্তার দেখানোর ক্ষেত্রে তাঁর সংশ্লিষ্টতা কীভাবে নির্ধারণ করা হয়েছে। নরেশের বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট ভিত্তি এবং মামলায় তাঁর ভূমিকা কী, তা নিয়েও এলাকায় আলোচনা চলছে।
Reporter Name 


















