
স্টাফ রিপোর্টার:
সভার প্রধান আলোচক, পুলিশি বিভাগের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ বলেন, মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতা প্রয়োজন। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি, সমাজপতি ও শিক্ষকদের এগিয়ে আসতে হবে। পুলিশকে সহযোগিতা করতে হবে। নিজ নিজ ধর্ম,গোত্র ও রাজনৈতিক অবস্থান থেকে বিবেক, বুদ্ধি, মানবতার দৃষ্টিতে নির্যাতিত, নিপিড়ীত, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। দেশের প্রচলিত আইন মেনে চলতে হবে, আইন নিজ হাতে তুলে নেয়া যাবে না।
সভার প্রধান অতিথি, নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বলেন, তরুণ ও শিক্ষার্থীদের অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে হবে। মাদকাসক্ত শিক্ষার্থীরা স্কুল থেকে ঝরে পড়ে, বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। এতে সমাজ ও দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হয়। সন্তানরা মাদক ও অনলাইন জুয়াতে জড়িয়ে পড়ছে কিনা অভিভাবকদের খোঁজ রাখতে হবে।
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে মাদক, সন্ত্রাস ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সভায় প্রধান আলোচক ও প্রধান অতিথি রোববার এসব কথা বলেন। বড়াইগ্রাম থানা পুলিশের উদ্যোগে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় এর সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বড়াইগ্রাম থানার অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, বীরমুক্তিযোদ্ধা সরদার বয়েতে রেজা ও বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুর রহমান।
উমর ফারুক 


















