
নওগাঁঃ প্রতিনিধি :
নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে ৪ দশমিক ৪ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টিপাথরের রাধা-রানী মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসির নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
সাপাহার থানার হাপানিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ফজলেপুর নামক স্থানে সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি মূর্তি ফেলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৪ দশমিক ৪০০ কেজি ওজনের রাধা-রানী কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। বিজিবির গোয়েন্দা তথ্য অনুযায়ী, মূর্তিটি সীমান্তপথে দেশের বাইরে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
উদ্ধার করা মূর্তিটির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচারসহ সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
মোঃ আব্দুল আজিজ শেখ 


















