
পাবনাবাসীর চাওয়া-পাওয়া সরকারের কাছ থেকে আদায় করে নেওয়ার আশ্বাস
পাবনা (নিজস্ব) প্রতিনিধি :
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও পাবনার দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, দলকে শক্তিশালী করার দ্বিতীয় কোনো বিকল্প নেই। আমরা যদি একতাবদ্ধ হয়ে থাকতে পারি, তাহলে কোনো ফ্যাসিবাদী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না। এজন্য দলীয়ভাবে নিজেদের ভিত্তি আরও শক্তিশালী করতে হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পাবনা শিল্পকলা একাডেমিতে পাবনা জেলা বিএনপির আয়োজনে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, পাবনার যত সমস্যা রয়েছে, জেলার নেতৃবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় সেসব সমস্যার সমাধান করা সম্ভব। পাবনাবাসীর সব চাওয়া-পাওয়া সরকারের কাছ থেকে আদায় করে ছাড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, উন্নয়নসহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ার পর পাবনার মানুষের কল্যাণে কাজ করতে হবে। এ জন্য জেলার নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন।
জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার প্রমুখ।
পাবনার উন্নয়নসহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলকে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।
ছবির ক্যাপশন:
পাবনা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপির আয়োজিত ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন নেতাকর্মীরা।
মোঃ গোলাম মোস্তফা 


















