
নিজস্ব প্রতিনিধি, পাবনা:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হলো। উপজেলার খানমরিচ ইউনিয়নের লতিফ মোড়ে প্রায় ১ কিলোমিটার হেরিং বোন বন্ড (এইচবিবি) সড়ক নির্মাণ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ প্রকল্পের উদ্বোধন করেন পাবনা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আলী আছগার এমপি।
উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আলী আছগার বলেন, “মানুষের ভাগ্যের পরিবর্তনই আমাদের মূল লক্ষ্য। জনগণ আমাকে বিপুল আশা ও বিশ্বাস নিয়ে ভোট দিয়েছে, তাই তাদের কল্যাণ নিশ্চিত করাই আমার প্রধান দায়িত্ব।”
তিনি আরও বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়। এজন্য রাস্তা, ব্রিজ, কালভার্ট নির্মাণ, খাল খনন, সেচব্যবস্থা উন্নয়ন, অগ্নি নির্বাপণের জন্য ফায়ার সার্ভিস স্থাপনসহ বিভিন্ন খাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় তিনি দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম, খানমরিচ ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন খান, উপজেলা জামায়াতের আমির মোঃ মহির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।
স্থানীয়দের আশা, এই সড়ক নির্মাণের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং কৃষি ও ব্যবসায়িক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।
Reporter Name 









