
মোঃ আব্দুল আজিজ শেখ, নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে অবৈধ ও অনিবন্ধিত সংবাদমাধ্যম, বিভিন্ন সংগঠনের নামে অপ-সাংবাদিকতা, মিথ্যা প্রচারণা এবং সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নিয়ামতপুর উপজেলা পরিষদ গেটের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে নিয়ামতপুর প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও উপজেলা মডেল প্রেসক্লাব।
মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন সংগঠনের নামে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অপপ্রচার, হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ শেখ বলেন, “যারা বিভিন্ন অফিসে গিয়ে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করেন, তাদের আইনের আওতায় আনা প্রয়োজন। তাদের কর্মকাণ্ডের কারণে মূলধারার সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।”
উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, সাংবাদিকতার নামে প্রতিনিয়ত নতুন নতুন সংগঠন তৈরির প্রয়োজন নেই। দীর্ঘদিন ধরে সাংবাদিকদের নিয়ে কাজ করা সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করলে এ ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব।
নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। ব্যক্তিস্বার্থে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে যারা কাজ করছেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, উপজেলায় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সংগঠনের নামে সাংবাদিক পরিচয়ে আত্মপ্রকাশের প্রবণতা দেখা যাচ্ছে। এসব সংগঠনে নিবন্ধনবিহীন পত্রিকা ও বিভিন্ন অনলাইন পোর্টালের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠনের ঘটনাও ঘটছে বলে তিনি দাবি করেন।
নিয়ামতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনী আহমেদ, সহ-সভাপতি আলমগীর কবির, উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনুল হক, কার্যনির্বাহী সদস্য সিরাজুল ইসলাম, সোনজিত, নূরনবী, আবু তালেব, সেলিম, জাহাঙ্গীর ও জয়নাল।
এ ছাড়া নিয়ামতপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রুহুল আমিন শেখ, উপজেলা শ্রমিক দলের সভাপতি সেকেন্দার আলী, সুশীল সমাজের প্রতিনিধি নুর ইসলামসহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধনে অংশ নেন।
Reporter Name 



















