
চিহ্নিত মাদক কারবারির বাড়িতে অভিযান; বাবা পলাতক, গাঁজা সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড
নিজস্ব প্রতিনিধি:
পাবনার ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একটি বসতবাড়ি থেকে ৫ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. সবুজ নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বাবা মো. মিন্টু পলাতক রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেল, ঈশ্বরদীর উপপরিদর্শক মোহাম্মদ শের আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফরিদপুর, পাবনার নেতৃত্বে ফরিদপুর থানাধীন ফরিদপুর পৌরসভার থানাপাড়া এলাকায় পরিচালিত হয়। অভিযানে কথিত চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. মিন্টু ও তার ছেলে মো. সবুজের বসতবাড়ি তল্লাশি করা হয়।
এ সময় একটি বড় প্লাস্টিকের ব্যাগের ভেতর পলিথিন ও কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় বড় পোটলায় রাখা ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মো. সবুজকে গ্রেপ্তার করা হলেও মো. মিন্টু পালিয়ে যায় বলে জানানো হয়েছে।
অন্যদিকে, একই স্থানে মাদক সেবনের অপরাধে মো. পলক (২০) নামে একজনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া গাঁজার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রশ্ন উঠছে—
শহর ও পৌর এলাকার আবাসিক বসতবাড়িতে এত বিপুল পরিমাণ মাদক কীভাবে মজুত হলো? এর পেছনে আরও কেউ জড়িত কি না—তা খতিয়ে দেখার দাবি স্থানীয়দের।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।
মোঃ গোলাম মোস্তফা 



















