
স্টাফ রিপোর্টার:উমর ফারুক
নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভরতপুরে পুকুরের পানিতে ডুবে হাসান নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে বড়াইগ্রাম সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভরতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাসান ওই এলাকার আব্দুল হাকিম ও জিয়াসমিন দম্পতির চতুর্থ সন্তান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির পাশেই খেলছিল শিশু হাসান। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে শিশুটির ফুপু পুকুরের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান।
স্বজনরা দ্রুত হাসানকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। সন্তান হারানোর বেদনায় বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। হাসানের আকস্মিক মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে গভীর শোক।
পরিবারের সদস্যরা জানান, হাসান ছিল তাদের আদরের চতুর্থ সন্তান। তার এমন আকস্মিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তারা।
স্থানীয়দের মতে, শিশুদের ক্ষেত্রে সামান্য অসতর্কতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই বাড়ির আশপাশে পুকুর বা জলাশয় থাকলে ছোট শিশুদের প্রতি সবসময় বাড়তি নজর রাখার প্রয়োজন।
Reporter Name 


















