
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ট্রাকষ্ট্যান্ড এলাকায় গত শনিবার রাতে আকাশ মিয়া (২৫) নামে এক পরিবহন শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এই হত্যাকান্ডে জড়িত থাকা অভিযুক্ত মূল আসামী জনি মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
গ্রেফতারকৃত হলেন, টাঙ্গাইল জেলার মিজার্পুর উপজেলার ত্রিমোহন এলাকার সোনা মিয়ার ছেলে জনি মিয়া।
নিহত হলেন,নওগাঁ জেলার বদরগাছী উপজেলার নুনুআডা এলাকার মোহাম্মদ মজিদুল ইসলাম বাবুর ছেলে আকাশ মিয়া। তিনি রাজধানী পরিবহনের চালকের সহকারী হিসাবে কাজ করতেন। এই ঘটনায় নিহতের বাবা মজিদুল ইসলাম বাবু বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কালিয়াকৈর থানা পুলিশের বিশেষ অভিযানে সোমবারে গাইবান্ধা শহর এলাকা থেকে জনি মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানী পরিবহনের শ্রমিক আকাশ মিয়া গত শনিবার রাতে ডিউটি শেষ করে বাসায় যাচ্ছিলেন। কালিয়াকৈর ট্রাকষ্ট্যান্ড এলাকায় পৌঁচ্ছালে কয়েকজন যুবক আকাশ মিয়ার পথ গতিরোধ করে। একপর্যায়ে আকাশ মিয়ার সাথে কথা কাটাকাটি হয়ে, ধস্তাধস্তি হওয়ার একপর্যায়ে ছুরিকাঘাত করে আকাশ মিয়াকে। তার ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে স্থানীয়রা তাকে গুরুত্বর অবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল হাসপাতালে পাঠায় এবং ওই রাতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত শাকিল নামের এক যুবককে গ্রেফতার করে গত রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এস আই) জাহাঙ্গীর আলম জানান, আকাশ হত্যা মামলার মূল আসামী জনিকে বিশেষ অভিযান চালিয়ে গাইবান্ধা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Reporter Name 



















