
মো. হাসান মাহমুদ জয়, স্টাফ রিপোর্টার
কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশি সেবাকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে অদ্য ১৭ আগস্ট ২০২৬ তারিখে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হলো মাস্টার প্যারেড, মাসিক অপরাধ পর্যালোচনা এবং কল্যাণ সভা।
দিনের শুরুতেই সকাল ৭:৩০ ঘটিকায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে এক সুশৃঙ্খল মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা।
সাফল্যের স্বীকৃতি ও শ্রেষ্ঠত্ব অর্জন
জুলাই/২০২৬ মাসের পুলিশিং কার্যক্রম এবং অপরাধ দমনে অসামান্য অবদানের জন্য মাসিক অপরাধ সভায় কুড়িগ্রাম জেলা পুলিশ শ্রেষ্ঠত্বের পুরস্কার ঘোষণা করে। এতে সাফল্যের শীর্ষে উঠে এসেছে ভূরুঙ্গামারী সার্কেল।
বিশেষভাবে প্রশংসিত হয়েছেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব মুনতাসির মামুন মুন । তাঁর দূরদর্শী নেতৃত্ব, অপরাধ দমনে কঠোর অবস্থান এবং আইনি সেবাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার অনন্য ভূমিকার জন্য তিনি জুলাই মাসের ‘শ্রেষ্ঠ সার্কেল অফিসার’ হিসেবে ভূষিত হয়েছেন। তাঁর দক্ষ নির্দেশনায় অপরাধ নির্মূলে ভূরুঙ্গামারী সার্কেল জেলা পুলিশের অন্যতম আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
এছাড়াও, সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে ভূরুঙ্গামারী থানা এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি পেয়েছেন জনাব মো. আজিম উদ্দিন।
কল্যাণ সভায় পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন ও সেবার মনোভাব নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন। তিনি বিশেষ করে ভূরুঙ্গামারী সার্কেলের সাম্প্রতিক সাফল্য ও কর্মতৎপরতার প্রশংসা করেন এবং এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী সার্কেলের এই ধারাবাহিক সাফল্য কুড়িগ্রাম জেলা পুলিশের সার্বিক সক্ষমতা ও অপরাধ দমনের দৃঢ় প্রত্যয়কে আরও বেগবান করেছে। জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বদা অঙ্গীকারবদ্ধ।
Reporter Name 


















