
গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার • তৃণমূলে সংগঠন আরও শক্তিশালী করার আহ্বান জেলা-উপজেলা নেতাদের। নিজস্ব প্রতিনিধি ,ভাঙ্গুড়া (পাবনা)
উৎসাহ-উদ্দীপনা, শৃঙ্খলাবদ্ধ অংশগ্রহণ এবং বিপুল নেতাকর্মীর উপস্থিতিতে পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে অষ্টমনিষা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সম্মেলনকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং উদ্বোধনী সংগীতের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিত এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল সংগঠন যত শক্তিশালী হবে, দল তত বেশি সুসংগঠিত হবে।”
উদ্বোধক হিসেবে বক্তব্য দেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দলের চলমান রাজনৈতিক কর্মসূচি সফল করতে এবং জনগণের অধিকার আদায়ে তৃণমূলের প্রতিটি ইউনিটকে আরও কার্যকর ও সুসংগঠিত করতে হবে।
সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
দলীয় সূত্রে জানা গেছে, দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হয়।
Reporter Name 



















