
পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পরও ফের হামলার অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী
নিজস্ব প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়ায় বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দফায় দফায় সংঘবদ্ধ হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ জুলাই) পৌর সদরের মন্ডল মোড় এলাকায় সিদ্দিকের বসতবাড়িতে দুই দফায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোবাহান প্রামাণিকের দুই ছেলে জাহাঙ্গীর ও সিদ্দিকের মধ্যে দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এর আগে একাধিকবার দরবার ও সালিশ হলেও বিরোধের কোনো স্থায়ী সমাধান হয়নি।
এরই ধারাবাহিকতায় শুক্রবার বেলা ১১টার দিকে জাহাঙ্গীরের ছেলে আমিরুলের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল লাঠিসোঁটা, শাবল ও রড নিয়ে সিদ্দিকের বসতবাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় বাড়ির কিছু অংশ ভাঙচুর করা হয়।
হামলার খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। তবে অভিযোগকারীদের দাবি, পুলিশ ঘটনাস্থল থেকে ফিরে যাওয়ার পর বিকেল সাড়ে ৩টার দিকে ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ দল ফের সিদ্দিকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই দফায় হামলাকারীদের হাতে লাঠিসোঁটা, শাবল ও রড ছিল। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পরও দ্বিতীয় দফায় ভাঙচুরের অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আযম বলেন, “মৌখিকভাবে বাড়িঘর ভাঙচুরের খবর পেয়ে তিনবার পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Reporter Name 


















