
জেলা পুলিশের বিশেষ অভিযানে বড় সাফল্য; জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ি
নিজস্ব প্রতিনিধি , মোঃ গোলাম মোস্তফা, পাবনা
মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে পরিচালিত বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে পাবনা জেলা পুলিশ। জেলার ফরিদপুর থানার গোডাউন মোড় এলাকায় পরিচালিত মাদকবিরোধী চেকপোস্ট অভিযানে একটি প্রাইভেট কার থেকে ৫০০ পিস অবৈধ ফেনসিডিল (ESkuf Cough Syrup) উদ্ধার করা হয়েছে। এ সময় মো. মিরাজুল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্মানিত রাজশাহী রেঞ্জ ডিআইজির নির্দেশনা এবং পাবনার পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় ফরিদপুর থানা পুলিশের একটি টহল ও চেকপোস্ট দল গোডাউন মোড় এলাকায় দায়িত্ব পালনকালে একটি সন্দেহভাজন প্রাইভেট কারকে থামিয়ে তল্লাশি চালায়।
তল্লাশির একপর্যায়ে গাড়ির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫০০ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই গাড়িতে থাকা মো. মিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে থানায় নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এই মাদক চালানের সঙ্গে জড়িত অন্য ব্যক্তি বা চক্রের সদস্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশের কঠোর বার্তা
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসায়ী, পরিবহনকারী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে জেলা পুলিশের ধারাবাহিক অভিযান আরও জোরদার করা হবে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ।
Reporter Name 



















