
সার্কাস, নাগরদোলা ও নানা আয়োজন ঘিরে উৎসবের আমেজ
নিজস্ব প্রতিনিধি, ভাঙ্গুড়া
পাবনার ভাঙ্গুড়ায় দীর্ঘদিন পর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৭ দিনব্যাপী ঈদ আনন্দ মেলা। উপজেলার ঐতিহাসিক বড়াল ব্রিজ খেলার মাঠে শনিবার (৩০ মে) থেকে শুরু হওয়া এ মেলার আয়োজন করেছে তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠী।
মেলার উদ্বোধন করেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি ও কৃষিবিদ হাসান জাফির তুহিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দর্শনার্থীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মেলায় দর্শনার্থীদের বিনোদনের জন্য আনা হয়েছে দি বুলবুল জয়া সার্কাস, নাগরদোলা ও হাতিসহ বিভিন্ন আকর্ষণীয় আয়োজন। এছাড়া কসমেটিকস, গৃহস্থালি সামগ্রী, খেলনা ও বাহারি খাবারের অসংখ্য দোকান বসেছে। আয়োজকরা জানান, সব বয়সী মানুষের জন্য বিনোদন ও কেনাকাটার সুযোগ সৃষ্টি করতেই এ আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন, সদস্য সচিব জাফর ইকবাল হীরক, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, সাবেক উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান এবং সাবেক পৌর বিএনপি সভাপতি শামসুল হকসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “দীর্ঘদিন পর ভাঙ্গুড়ায় এমন একটি বৃহৎ মেলার আয়োজন হয়েছে। মেলাকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা, সংঘাত বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।” তারা আরও বলেন, মেলায় কোনো ধরনের অশ্লীলতা বা অসামাজিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।
মেলার নিরাপত্তা নিশ্চিত করতে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাকিউল আযম-এর নেতৃত্বে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ সময় সেকেন্ড অফিসার সুব্রত কুমার ও অপূর্ব কুমারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মধ্যে মেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকরা আশা করছেন, সার্কাস, নাগরদোলা ও নানা বিনোদনমূলক আয়োজনের মাধ্যমে ঈদ আনন্দ মেলাটি ভাঙ্গুড়ার মানুষের জন্য আনন্দ-বিনোদনের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।
ছবির ক্যাপশন:
ভাঙ্গুড়ার ঐতিহাসিক বড়াল ব্রিজ খেলার মাঠে ১৫ দিনব্যাপী ঈদ আনন্দ মেলার উদ্বোধন করছেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
Reporter Name 


















