
মাদকবিরোধী অভিযানে আটক, জরিমানা ও কারাদণ্ড প্রদান
পাবনা জেলা প্রতিনিধি,
পাবনার সাঁথিয়ায় মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সোমবার (৪ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না সাঁথিয়া থানাসদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদক বিক্রয়ের অভিযোগে নওয়ানী গ্রামের ইউনুস আলীর ছেলে মোঃ সোহেলকে আটক করা হয়।
পরবর্তীতে আদালত তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা অনুযায়ী এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। আদালতের রায়ে তাৎক্ষণিকভাবে সাজা কার্যকর করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না জানান,
“মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন,
“মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় সোহেল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।”
স্থানীয় সচেতন মহল এ ধরনের কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, মাদক নির্মূলে প্রশাসনের এই অভিযান আরও জোরদার করা প্রয়োজন।
Reporter Name 









