
পাবনা জেলা প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) দুপুর ২টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মমতাজ খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মওলানা মোঃ আলী আছগার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক জাফর ইকবাল হিরোক সরদার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হালিম মাযহার, ভাঙ্গুড়া পৌরসভা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম কমিশনার, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম বাহার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম বিদ্যুৎসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মওলানা মোঃ আলী আছগার বলেন, “দেশ গড়া ও নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ভালো শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধাবী হয়ে গড়ে উঠতে হলে নিয়মিত অধ্যয়ন ও ভালো ফলাফলের দিকে মনোযোগী হতে হবে। তাহলেই ব্যক্তি, পরিবার ও দেশের কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে।”
বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান বলেন, “ভালো কিছু অর্জন করতে হলে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। শিক্ষাই মানুষের জীবনের মূল ভিত্তি।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল হাকিম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে শৃঙ্খলার মধ্যে পড়াশোনা করলে জীবনে সফলতা অর্জন করা সম্ভব।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
সবশেষে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Reporter Name 









