
নিজস্ব প্রতিনিধি,পাবনা
পাবনার চাটমোহরে ১৮তম বার্ষিকী সনাতন ধর্মসভা উপলক্ষে ৪০ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে।
অনুষ্ঠানটি উপজেলার উৎসব অঙ্গন, কেন্দ্রীয় শ্রীশ্রী হরিসভা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা বলেন, ‘আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে আছি এবং ভবিষ্যতেও পাশে থাকতে চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘আপনারা কোনো সমস্যায় পড়লে নির্দ্বিধায় আমাকে জানাবেন। আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করে যাব।’
এমপি রুমা বলেন, সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পারস্পরিক সহমর্মিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
আয়োজকরা জানান, এ ধরনের ধর্মীয় আয়োজনের মূল উদ্দেশ্য হলো ভক্তবৃন্দের মধ্যে ধর্মীয় চেতনা জাগ্রত করা এবং সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করা।
Reporter Name 


















