
কুড়িগ্রাম প্রতিনিধি: হাসান মাহমুদ জয়
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার ০৪ নং পাইকেরছড়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করে এক ব্যতিক্রমী ও জনমুখী বার্তা দিয়েছেন এলাকার তরুণ প্রজন্মের আইডল, শিক্ষা অনুরাগী, সমাজসেবক, প্রতিবাদী মুখ এবং উদীয়মান লেখক ও কবি মোঃ জাহাঙ্গীর আলম। নির্বাচন মানেই অতিরিক্ত অর্থব্যায় ও বাণিজ্যিক চিন্তা—এমন প্রচলিত ধারণার বাইরে গিয়ে তিনি সম্পূর্ণ ‘বিনা খরচে’ নির্বাচন করার ঘোষণা দিয়ে এলাকবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন।
দীর্ঘদিন ধরে অবহেলিত পাইকেরছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নবঞ্চনা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরে সাধারণ মানুষের দোয়া ও সমর্থন চেয়েছেন এই তরুণ জননেতা।
এলাকাবাসীর মতে, ওয়ার্ডটিতে যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা, মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান ও চিকিৎসার অভাব, খেলাধুলার মাঠের সংকট এবং যুবসমাজের মাঝে মাদকের বিস্তারসহ নানা জটিল সমস্যা রয়েছে। এছাড়া সঠিক বিচার ব্যবস্থার ঘাটতি ও দায়িত্বশীল অভিভাবকত্বের অভাবে পিছিয়ে পড়ছে এই জনপদ।
এসব সমস্যা সমাধানে পদপ্রার্থী জাহাঙ্গীর আলম তার ইশতেহারে ঘোষণা দিয়েছেন যে, নির্বাচিত হলে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে ৭নং ওয়ার্ডকে একটি ‘স্মার্ট ও মডেল ওয়ার্ড’ হিসেবে গড়ে তুলবেন।
বিশেষ করে তার নির্বাচনী ভাবনায় অর্থ খরচের বিষয়টি এলাকার রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, *”একজন ইউপি সদস্য নির্বাচনে সাধারণত ৫ থেকে ২০ লাখ টাকা খরচ করেন। যিনি এত টাকা খরচ করবেন, নির্বাচিত হওয়ার পর তার মূল উদ্দেশ্য থাকে সেই টাকা তোলা। পক্ষান্তরে, যে প্রার্থী একটি টাকাও খরচ না করে মাঠে নামেন, তার কোনো অসৎ উদ্দেশ্য বা টাকা তোলার ধান্ধা থাকে না; তিনি কেবল নিঃস্বার্থভাবে জনগণের সেবা করার সুযোগ পান। আমি কোনো বাণিজ্যিক চিন্তা ছাড়াই সম্পূর্ণ বিনা খরচে আপনাদের খেদমতে নিজেকে উৎসর্গ করতে চাই।
মাদক নির্মূল ও যুবসমাজকে রক্ষা প্রসঙ্গে তিনি আরও জানান, বিপথগামী যুবসমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং ইতিবাচক বিনোদনের মাধ্যমে ফিরিয়ে এনে দক্ষ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া ওয়ার্ডের গরিব, দুঃখী ও মেহনতী মানুষের বিপদে আমৃত্যু পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি পাইকেরছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের আন্তরিক দোয়া, ভালোবাসা ও মূল্যবান সমর্থন কামনা করেছেন।
Reporter Name 



















