
মোঃ আব্দুল আজিজ শেখ, নওগাঁঃ
নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে সাংস্কৃতিক উৎসব ও বড়খানা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নওগাঁ পুলিশ লাইন্সের ড্রিলশেডে আয়োজিত এ অনুষ্ঠানে পুলিশ সদস্যদের অংশগ্রহণে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এ সময় বিচারকমণ্ডলীর সদস্য, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নওগাঁ জেলার পুলিশ সুপার, নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক উৎসবে পুলিশ সদস্যরা সংগীত, নৃত্যসহ বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। তাদের পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দেয়। কর্মব্যস্ততার বাইরে সহকর্মীদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর পাশাপাশি নিজেদের সাংস্কৃতিক প্রতিভা তুলে ধরার সুযোগ পান পুলিশ সদস্যরা।
পরে আয়োজিত বড়খানায় অতিথি ও পুলিশ সদস্যরা একসঙ্গে অংশগ্রহণ করেন। এ সময় পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে সবাই অনুষ্ঠান উপভোগ করেন।
আয়োজকরা মনে করেন, এ ধরনের আয়োজন পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে। আনন্দঘন পরিবেশে সাংস্কৃতিক উৎসব ও বড়খানার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Reporter Name 



















