
উন্নয়নকাজ পরিদর্শন, লবণ পানি–বেড়িবাঁধ ও যোগাযোগ সংকট সমাধানের আশ্বাস
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
উপকূলীয় উপজেলা শ্যামনগরের ৫ নম্বর কৈখালী ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনসেবায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম। দায়িত্ব গ্রহণের পর থেকে রাস্তা-ঘাট সংস্কার, সুপেয় পানির ব্যবস্থা, শিক্ষা বিস্তার এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে।
সম্প্রতি কৈখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন চেয়ারম্যান শেখ আব্দুর রহিম। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন চাহিদার বিষয়ে খোঁজ নেন।
চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, “কৈখালী ইউনিয়ন একটি উপকূলীয় ও দুর্যোগপ্রবণ এলাকা। এখানকার মানুষের প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে লবণ পানি, ভাঙা বেড়িবাঁধ ও যোগাযোগ ব্যবস্থা। সরকারের বরাদ্দ সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।”
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ইউনিয়নের বিভিন্ন এলাকায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিডি ও টিসিবির কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি তরমুজ চাষি ও মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যা নিয়েও উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী আব্দুল জলিল বলেন, “চেয়ারম্যানের কাছে গেলে তিনি আমাদের কথা শোনেন। আমাদের ওয়ার্ডের রাস্তার কাজও শুরু হয়েছে।”
তবে ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ, এখনো অনেক রাস্তা কাঁচা ও চলাচলের অনুপযোগী। পাশাপাশি সুপেয় পানির সংকট এবং বেড়িবাঁধের জরাজীর্ণ অবস্থাও তাদের জন্য বড় সমস্যা হয়ে রয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
এ বিষয়ে চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, “সীমিত বাজেট দিয়ে সব সমস্যা একসঙ্গে সমাধান করা সম্ভব নয়। পর্যায়ক্রমে সব ওয়ার্ডে উন্নয়নকাজ করা হবে। আমি ৫ নম্বর কৈখালী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।”
স্থানীয়দের প্রত্যাশা, চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি দীর্ঘদিনের যোগাযোগ, সুপেয় পানি ও বেড়িবাঁধ সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
মোঃ রুহুল আমিন সুমন 



















