
উদ্ধার ২.৫ ভরি স্বর্ণ, ৩৭ ভরি রুপা ও চুরির সরঞ্জাম
পাবনা জেলা প্রতিনিধি:
পাবনার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর বাজারে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। তবে চুরি করে পালানোর সময় পুলিশের তৎপরতায় তিন সদস্যের একটি চোরচক্রকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ২.৫ ভরি স্বর্ণ, ৩৭ ভরি রুপা, কাটার মেশিন ও দোকানের তালা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো— কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সাপাপুর গ্রামের মালেকের ছেলে ফারুক (২৯), দেবিদ্বার উপজেলার পানারপুর গ্রামের মতি মিয়া সরকারের ছেলে ওমর ফারুক সরকার (২৫) এবং দেবীদ্বার উপজেলার কিনাইয়া গোপালপুর গ্রামের তবদল ওরফে মোহন মিয়ার ছেলে জয়নাল চৌধুরী (৩৫)।
ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফয়েজ উদ্দিন জানান, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। শুক্রবার বিকেল প্রায় ৪টার দিকে তারা বনওয়ারীনগর বাজারের বিপ্লব কর্মকার কান্টুর স্বর্ণের দোকানের তালা কেটে স্বর্ণ ও রুপার অলংকার চুরি করে সিএনজিযোগে পালিয়ে যায়।
পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডেমড়া সিএনজি স্ট্যান্ডে পৌঁছালে সিএনজি চালকের সন্দেহ হয়। তিনি চিৎকার দিলে আশপাশে থাকা টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিন চোরকে আটক করে। পরে তাদের কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।
এ ঘটনায় ফরিদপুর থানায় ৪/২৬ নম্বর একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, সম্প্রতি চাটমোহর পৌর সদরের স্বর্ণকার পট্টিতেও একই কায়দায় তালা কেটে একটি সোনার দোকান থেকে প্রায় চার ভরি স্বর্ণালংকার চুরি হয়েছিল। ধারাবাহিক এসব ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
Reporter Name 



















