
রাজনৈতিক দ্বন্দ্বের জেরে হামলা—যুবলীগ কর্মীর বিরুদ্ধে অভিযোগ, বিক্ষোভে উত্তাল এলাকা
নিজস্ব প্রতিনিধি : পাবনা
পাবনার ঈশ্বরদী উপজেলায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় মো. রবিন (৩০) নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে পাকশী ইউনিয়নের বাঘইল ঠাকুরপাড়া মোড়ে ঘটে এ রক্তাক্ত ঘটনা। এর পরপরই পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের ভাষ্য, পাকশী ইপিজেড এলাকার বাসিন্দা রবিন সকালে এক বন্ধুকে ডাকতে গিয়ে ঠাকুরপাড়ায় সোহাগের দোকানের সামনে পৌঁছালে যুবলীগ কর্মী মুন্নাসহ কয়েকজনের সঙ্গে তার মুখোমুখি হয়। শুরু হয় তর্ক-বিতর্ক। একপর্যায়ে মুন্না ক্ষিপ্ত হয়ে রবিনকে উদ্দেশ্য করে হুমকি দিয়ে ছুরিকাঘাত করে বলে অভিযোগ।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পাকশী এলাকায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেন। এতে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে।
উপজেলা যুবদলের সদস্য শাহারিয়ার শাহান অভিযোগ করে বলেন, “আলোচিত পিন্টু-মানিক হত্যা মামলার আসামি মুন্না, সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনের ছত্রছায়ায় এলাকায় সন্ত্রাস চালাচ্ছে।”
তবে অভিযোগ অস্বীকার করে শরিফুল ইসলাম তুহিন বলেন, “আমি দীর্ঘদিন কারাগারে ছিলাম। বের হওয়ার পর অনেকেই যোগাযোগ করেছে। অভিযুক্ত ওই ছেলেকে আমি চিনি না। এমন ঘটনার নিন্দা জানাই, দোষীদের শাস্তি হওয়া উচিত।”
ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরিস্থিতি থমথমে, যে কোনো সময় বাড়তে পারে সহিংসতা—আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার।
Reporter Name 



















