
র্যাবের অভিযানে ফাঁস ‘পারিবারিক মাদক কারবার’, প্রশ্নে স্থানীয় নজরদারি
নিজস্ব প্রতিবেদক, পাবনা:
মায়ের স্নেহের আড়ালে গড়ে উঠেছিল মাদকের কারবার! পাবনার বেড়া উপজেলায় র্যাব-১২-এর সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় দ্রব্যসহ মা-ছেলে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার ঘিওর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি আভিযানিক দল। র্যাব ফোর্সেস সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বিএন।
অভিযানকালে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত অবস্থায় মোছাঃ নাছিমা বেগম (৪৫) ও তার ছেলে মোঃ ফাহিম সরদার (২০)-কে হাতেনাতে আটক করা হয়।
র্যাব জানায়, তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ১৪১ বোতল ইস্কাফ সিরাপ, ৩ বোতল ফেন্সিডিল ও ৭ বোতল ফেয়ারডিল—যা দীর্ঘদিন ধরে এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, এ ধরনের মাদক কারবার দীর্ঘদিন ধরে চললেও দৃশ্যমান কোনো প্রতিরোধ ছিল না—ফলে প্রশ্ন উঠেছে প্রশাসনের নজরদারি নিয়েও।
র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সংগঠিতভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ১৪(গ) ধারা অনুযায়ী মামলা দায়ের করে বেড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে।”
Reporter Name 









