
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে নিখোঁজের ৯ দিন পর রুহুল আমীন (৬০) নামের এক ব্যক্তির মাথাসহ খণ্ডিত মরদেহ ও বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে তাঁর হাত ও পা উদ্ধারের তিন দিন পর শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকার একটি ডোবা ও ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাহিদা বেগম ও আবুল বশার নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায় গত ৬ নভেম্বর বিকেলে বোনের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন রুহুল আমীন। পরে গত ১২ ও ১৩ নভেম্বর পোনাহুরা এলাকার বিভিন্ন স্থান থেকে তাঁর বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যরা অঙ্গপ্রত্যঙ্গ দেখে মরদেহটি রুহুল আমীনের বলে শনাক্ত করেন।
পুলিশ জানায় আর্থিক লেনদেন ব্যক্তিগত বিরোধ ও ব্ল্যাকমেইলের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। সেনাসদস্য পদে চাকরি দেওয়ার কথা বলে রুহুল আমীনের সঙ্গে শাহিদা বেগমের তিন লাখ টাকার লেনদেন নিয়ে বিরোধ ছিল। রুহুলকে হত্যার জন্য শাহিদা ৬০ হাজার টাকায় আবুল বশারকে ভাড়া করেন এবং তাঁকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।
পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার জানান গ্রেপ্তার দুই আসামিকে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Reporter Name 



















