
মোঃ আব্দুল আজিজ শেখ, নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ ইসাহাক আলী (৬৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৬ নম্বর রসুলপুর ইউনিয়নের নিমদিঘী গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় এএসআই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে নিয়ামতপুর থানার একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ওই বসতবাড়ি থেকে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানে এসব মাদকদ্রব্যসহ ইসাহাক আলীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইসাহাক আলী উপজেলার নিমদিঘী গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত ইসরাইল। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উদ্ধার করা মাদকদ্রব্য নিজের হেফাজতে রেখে বিক্রির কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ।
Reporter Name 



















