মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
একসময় শান্তির শহর হিসেবে পরিচিত শিল্পনগরী খুলনা কি এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে? নগরজুড়ে একের পর এক গুলিবর্ষণ, হত্যাকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগে সাধারণ মানুষের মনে দেখা দিয়েছে চরম আতঙ্ক। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) মাত্র এক দিনে নগরীর সাতটি স্থানে গুলিবর্ষণ এবং একজনকে গুলি করে হত্যার ঘটনায় খুলনাজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
যে শহরের অলিগলিতে একসময় ছিল স্বাভাবিক জীবনযাত্রার চিত্র, সেই শহরেই এখন প্রতিটি দিন কাটছে অনিশ্চয়তা আর নিরাপত্তাহীনতায়। চায়ের দোকানদার থেকে বহুতল ভবনের মালিক, সবজিবিক্রেতা থেকে শুরু করে সড়ক উন্নয়নকাজের ঠিকাদার—কেউই যেন কথিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের হুমকির বাইরে নন।
নগরীর নাটকপাড়া, মহিরবাড়ি, খালপাড়, ৩১ নম্বর ওয়ার্ড, টুটপাড়াসহ আশপাশের এলাকায় চাঁদাবাজির অভিযোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
গোপন সূত্রে জানা গেছে, নাটকপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকায় সড়ক সংস্কারকাজ করতে গিয়ে এক ঠিকাদারকে প্রথমে মেলায় বেড়াতে যাওয়ার কথা বলে ১৫ হাজার টাকা চাঁদা দিতে বলা হয়। অভিযোগ রয়েছে, এর পরদিনই আবার ১৫ লাখ টাকা দাবি করা হয়। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদাররা। ভয়ের কারণে তাঁদের অনেকেই প্রকাশ্যে নাম পরিচয় জানাতে অনিচ্ছুক।
বিশ্বস্ত স্থানীয় সূত্রের দাবি, টুটপাড়া ও আশপাশের এলাকায় নূর আজিম বাহিনীর নাম ব্যবহার করে ব্যাপক চাঁদাবাজি চলছে। তবে এসব অভিযোগের সত্যতা, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় এবং কোনো সংগঠনের সঙ্গে তাদের সম্পৃক্ততা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কোনো গোষ্ঠীর নাম ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।
সবচেয়ে বড় প্রশ্ন—সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা কেন নিরাপত্তাহীনতায় ভুগবেন? কারা এসব অস্ত্রধারী ও চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে? একের পর এক গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের পরও নগরবাসীর মনে নিরাপত্তার নিশ্চয়তা ফিরছে না কেন?
খুলনার মানুষের দাবি, অপরাধীদের রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয় যা-ই হোক, কাউকে ছাড় দেওয়া যাবে না। চাঁদাবাজি, অস্ত্রের মহড়া, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
শিল্প, বাণিজ্য ও সম্ভাবনার শহর খুলনা কোনোভাবেই সন্ত্রাসীদের কাছে জিম্মি হতে পারে না। নগরবাসী আর আতঙ্কের জীবন চান না। তাঁরা চান নিরাপদে ব্যবসা করতে, নির্বিঘ্নে চলাচল করতে এবং নিশ্চিন্তে ঘরে ফিরতে।
খুলনা কি আবারও শান্তির শহর হিসেবে ফিরে আসবে, নাকি সন্ত্রাস ও চাঁদাবাজির আতঙ্কেই বন্দি হয়ে থাকবে নগরবাসীর জীবন?
এখন সময় প্রশাসনের কার্যকর পদক্ষেপের। খুলনাকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে নগরবাসী দ্রুত, দৃশ্যমান ও নিরপেক্ষ অভিযান প্রত্যাশা করছেন।