নিজস্ব প্রতিনিধি:
পাবনায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রি ও মজুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও মজুদ রাখার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ৫৪ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পাবনা সদর উপজেলার আব্দুল হামিদ রোড এলাকায় জেলা প্রশাসন, পাবনা ও পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও মজুদ রাখার দায়ে শিমুল স্টোর ও শাওন স্টোরকে মোট ৭ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। এ সময় প্রতিষ্ঠান দুটি থেকে ৫৪ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরহাদ সোবাহানী এবং শারমিন শশী অভিযানে নেতৃত্ব দেন। পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন প্রসিকিউশন পরিচালনা করেন। এ ছাড়া জেলা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সহযোগিতা করে।
পরিবেশ দূষণ রোধ এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর, পাবনা।