চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (২৩ নভেম্বর) উপজেলার মুলগ্রাম বাজারে পাবনা-চাটমোহর আঞ্চলিক সড়কের পাশে রঞ্জিতের মুদিদোকানের সামনে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার ইসমাইল হোসেন (২৫) এবং সাঁথিয়া উপজেলার সুমন (২৬)। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাবনা কার্যালয়ের কর্মকর্তারা মুলগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক বিক্রির উদ্দেশ্যে বিশেষভাবে তৈরি একাধিক প্যাকেট ও পোটলায় বহন করা পাঁচ কেজি গাঁজাসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।