নিজস্ব প্রতিনিধি ,পাবনা।
পাবনা বাসীর অনেক প্রতিক্ষার পর পাবনা-ঢাকা-পাবনা রুটে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) “পাবনা প্রভাতী এক্সপ্রেস” এবং “পাবনা গোধূলি এক্সপ্রেস” নামের এ আন্তঃনগর ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী জনাব শেখ রবিউল আলম এমপি।
পাবনা রেলওয়ে স্টেশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকাল ৫ টায় পাবনা উদ্বোধনী গোধুলী এক্সপ্রেস নামের বিশেষ এই ট্রেনযোগে তিনি পাবনা থেকে ঢাকায় ফেরেন। এর আগে একই দিন পূর্বাহ্নে তিনি সড়কপথে ঢাকা থেকে পাবনা আসেন।
২০ নভেম্বর ২০২৬ থেকে উক্ত ট্রেন ঢাকা- পাবনা রুটে বাণিজ্যিকভাবে নিয়মিত চলাচল করবে।
নিয়মিত চলাচলে ৮০৮ নং ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ০৮:০০ টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঢাকা পৌঁছাবে বেলা ০২:১০ টায়। অন্যদিকে ৮০৭ নং ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ বেলা ০৩:২৫ টায় ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পাবনা পৌঁছাবে রাত ০৯:২০ টায়।
ট্রেনটি আপ ও ডাউন উভয় পথে ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর এবং ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সাথে সংগতি রেখে সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার অংশ হিসেবে উক্ত ট্রেন চালু হলো। নতুন এই ট্রেন চালুর মধ্য দিয়ে ঢাকা-পাবনা রুটে দীর্ঘ প্রতীক্ষিত আন্তঃনগর রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হবে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ ফাহিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পাবনা - ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার এমপি। পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন। পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পাবনার রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের জনসাধারন।