কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢালজোরা ইউনিয়নের আশাপুর এলাকায় বৃহস্পতিবার রাতে আশাপুর বেনুপুর কবরস্থান থেকে ৬টি কঙ্কাল চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায় , শুক্রবার সকালে আসাপুর বেনুপুর কবরস্থানে গিয়ে দশটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পায় এলাকাবাসী । সেখানে ৬টি কবর থেকে কঙ্কাল পাওয়া যায়নি।
ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। কবরস্থানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তারা বলছেন, রাতের বেলা কবরস্থানে কোনো পাহারা না থাকায় দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। ইতিপূর্বেও এই কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং কবরস্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।
ঢালজোড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনায়েত হোসেন গজনবী বিষয়টি নিশ্চিত করেন।