জমি নিয়ে বিরোধের জেরে কুড়াল-চাপাতি নিয়ে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় জমি-জমা নিয়ে পূর্ববিরোধের জেরে বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে টিনের বেড়া ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। গত ৮ নভেম্বর দুপুর ৩টার দিকে পৌর সদরের দক্ষিণ সারুটিয়া মহল্লায় রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রফিকুল ইসলামের পুত্রবধূ অমি সুলতানা তানহা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা বাদীর প্রতিবেশী। জমি-জমা নিয়ে পূর্বশত্রুতার জের ধরে ঘটনার দিন অভিযুক্তরা কুড়াল, চাপাতি ও চাকুসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে রফিকুল ইসলামের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করেন। এ সময় তারা বাড়ির টিনের বেড়া ভাঙচুর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করতে গেলে অভিযুক্তরা বাদীকে মারধরের জন্য উদ্যত হন। একই সঙ্গে তাকে ও তার শ্বশুরবাড়ির লোকজনকে দেখে নেওয়ার হুমকি দেন। এতে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগকারীর দাবি।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’