বিকাশ কুমার দাস
স্টাফ রিপোর্টার
পাবনার ভাঙ্গুড়ায় আদালতের রায় অমান্য করে পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, সীমানাপ্রাচীর নির্মাণ এবং বাধা দিতে গেলে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী মো. রাফিন সরকার ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভাঙ্গুড়া উপজেলার দক্ষিণ সারুটিয়া গ্রামের বাসিন্দা মো. রাফিন সরকার (২৭) ও একই গ্রামের মো. হাবিবুর রহমান (২৬) এবং মো. আলামিন হোসেনের (২১) মধ্যে ৩৪ শতাংশ পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগকারীর দাবি, ওই জমি পৈতৃক সূত্রে প্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে তিনি খাজনা-খারিজ পরিশোধ করে ভোগদখল করে আসছেন। কিন্তু অভিযুক্তরা জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। হাবিবুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হওয়ায় সেই প্রভাব খাটিয়ে অবৈধভাবে জায়গা দখলের চেষ্টা করছেন।
অভিযোগে আরও বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে রাফিন সরকারের বাবা আদালতে একটি মামলা করেন। দীর্ঘ আইনি লড়াই ও কাগজপত্র পর্যালোচনা শেষে আদালত তাঁদের পক্ষে রায় দেন। তবে আদালতের রায় পাওয়ার পরও অভিযুক্তরা তা অমান্য করে জমিটি দখলের চেষ্টা অব্যাহত রেখেছেন।
লিখিত অভিযোগ অনুযায়ী, গত ৮ নভেম্বর ২০২৬ বিকেল আনুমানিক ৩টার দিকে অভিযুক্তরা বিরোধপূর্ণ ওই সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক বেড়া নির্মাণ করেন। এতে বাধা দিতে গেলে তাঁরা অভিযোগকারী ও তাঁর পরিবারের সদস্যদের মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন এবং জমি জোরপূর্বক দখল করে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার সময় মো. আদিব ও মো. মিজানুর রহমানসহ স্থানীয় কয়েকজন বিষয়টি প্রত্যক্ষ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভুক্তভোগীর আশঙ্কা, জমি নিয়ে বিরোধের জেরে যেকোনো সময় মারধরসহ বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরও আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় অভিযোগকারী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে ভাঙ্গুড়া থানার পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।