নিজস্ব প্রতিনিধি:
পাবনার ফরিদপুর থানায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন 'সর্বহারা' দলের অন্যতম ক্যাম্প কমান্ডার মো. বছির মল্লিককে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আইনগঞ্জ ব্রিজের পাশ থেকে ১১ আইটেমের বিভিন্ন দেশীয় অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
গ্রেফতার বছির মল্লিক ফরিদপুর থানার শালিকাপাড়া গ্রামের মৃত আছের মল্লিকের ছেলে।
পুলিশ জানায়, আজ ৩০ অক্টোবর ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার হাদল ইউনিয়নধীন আইনগঞ্জ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে বছির মল্লিককে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার বছির স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত সর্বহারা দলের ক্যাম্প কমান্ডার হিসেবে সংগঠনের বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছিলেন। তিনি ও তার সহযোগীরা এলাকার ব্যবসায়ী, ঠিকাদার ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা আদায় এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে পৃথক অভিযানে আইনগঞ্জ ব্রিজের দক্ষিণ-পূর্ব পাশের কোণা থেকে পরিত্যক্ত অবস্থায় ১১ ক্যাটাগরির দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে— একটি কাঠের বাটযুক্ত দা, একটি লোহার তৈরি ছেন, একটি প্লাস্টিকের হাতলযুক্ত চাইনিজ চাপাতি, ছয়টি ছোট-বড় ধারালো চাকু, দুটি খুর, একটি স্প্যানার, একটি লোহার হাসুয়া, দুটি লোহার বটি, একটি দেশীয় কাঁচি, একটি রেত এবং দুটি স্টিলের জিআই পাইপ।
ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল হাসান মাসুদ জানান, গত ২৯ আগস্ট যোগদানের পর থেকেই তিনি থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাদক, চুরি, ছিনতাই ও অপহরণসহ সব ধরনের অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান চলছে।
তিনি আরও জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।