স্টাফ রিপোর্টার ঃ পার্বতীপুরে দেশের সর্ববৃহৎ রেলওয়ে প্রতিষ্ঠান কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) এর প্রধান ভবনের ছাদে থাকা বজ্রনিরোধক তামার ক্যাবল চুরির ঘটনায় এক শ্রমিককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে দণ্ডপ্রাপ্ত শ্রমিকের নাম ফেরদৌস সরকার (২৫)। সে কারখানার ঠিকাদার সাজুর অধীনে রং করার কাজে নিয়োজিত শ্রমিক হিসেবে কাজ করেন। গত ২৪ অক্টোবর কারখানার প্রধান ভবনের ছাদ ও দেয়ালে রং করার কাজ চলাকালে এই চুরির ঘটনাটি ঘটে। বিষয়টি টের পেয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সন্দেহভাজন হিসেবে ফেরদৌসকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে পার্বতীপুর শহরের পুরাতন বাজার এলাকার সুমন নামের এক ভাঙারি ব্যবসায়ীর দোকান থেকে ৩ টুকরা এবং কারখানার প্রধান ভবনের ছাদ থেকে আরও ২ টুকরা খণ্ডিত তামার ক্যাবল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ক্যাবলের মোট দৈর্ঘ্য প্রায় ৪৩ ফুট, ওজন ৫ কেজি, যার আনুমানিক বাজার মূল্য ১০ হাজার টাকা। গত ২৫ অক্টোবর দুপুরে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই দণ্ড দেন। বিষয়টি ২৭ অক্টোবর বিকেলে নিশ্চিত করেছেন কেলোকার আরএনবি পরিদর্শক মো. ইলিয়াছ হোসেন।কারখানার প্রধান ভবন ও ভেতরে থাকা কোটি টাকা মূল্যের ইলেকট্রনিক যন্ত্রপাতি, লোকোমোটিভের কন্ট্রোল সিস্টেমকে বজ্রপাতের হাত থেকে রক্ষার জন্য ছাদে বজ্রনিরোধক ব্যবস্থা স্থাপন করা আছে। এই তামার ক্যাবল খুলে নিলে পুরো ভবন ঝুঁকিতে পড়ে যায়। আরএনবি কর্মকর্তা জানান, এর আগেও কয়েক দফায় এই ক্যাবল চুরির ঘটনা ঘটার কথা জানান । উল্লেখ্য দেশের একমাত্র কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানাটি ১৯৯২ সালের ১৪ মে পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কের পাশে ১১১ একর জমির উপর ২০৩ কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দেশে চলাচলকারী ২৯৪টি লোকোমোটিভের ভারী মেরামত ও জেনারেল ওভারহলিং (GOH) এখানেই হয়। ১১টি বিভাগে ৫৪৫টি পদের মধ্যে প্রায় ৩০৯টি পদ এখনও শূন্য। গত ১৩ অক্টোবর সড়ক ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম কেলোকা পরিদর্শন করে কারখানাটির জনবল সংকট ও নিরাপত্তা জোরদারের আশ্বাস দেয়ার কথা জানান।