হুমায়ূন রাশেদ পাবনা প্রতিনিধি :
পাবনায় প্রেমের ফাঁদে ফেলে এক ব্যক্তিকে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবির ঘটনায় মূল পরিকল্পনাকারী নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। এ সময় অপহৃত ব্যক্তিকে উদ্ধার করার পাশাপাশি অপহরণে ব্যবহৃত একটি সিএনজি ও ছিনিয়ে নেওয়া ৪ হাজার টাকা জব্দ করা হয়।
গতকাল বুধবার ১৪ অক্টোবর পাবনা থানাধীন শ্রীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার মূল পরিকল্পনাকারী পলি খাতুনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন পাবনা শহরের পূর্ব কায়েমকোলা এলাকার পলি খাতুন, তাঁর স্বামী জামাল হোসেন (৪৩) এবং পাবনা সদর উপজেলার মহাদেবপুর এলাকার উকিল সর্দার (৪৩)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে কারিবুর নামের ওই ব্যক্তি মোবাইল ফোন মেরামতের জন্য বাড়ি থেকে পাবনা শহরে আসেন। দুপুর ১টার দিকে তিনি তাঁর ছেলের ফোনে কল করে জানান, তাঁকে শাপলা প্লাস্টিক মোড়ে ডেকে এনে জোরপূর্বক আটকে রাখা হয়েছে। ৫০ হাজার টাকা মুক্তিপণ না দিলে তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনার পর তাঁর ছেলে কামরুল মন্ডল (২৬) পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর বাজার এলাকায় সাঁড়াশি অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে ভিকটিমকে উদ্ধারসহ জামাল ও উকিল সর্দারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত সিএনজি ও ছিনতাইকৃত নগদ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে ঘটনার মূল নেত্রী পলি খাতুনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন, পলি খাতুনের মাধ্যমে প্রায় ১৫ দিন ধরে ফোনে কথা বলে কারিবুরকে প্রেমের ফাঁদে ফেলা হয়। পূর্বপরিকল্পনা অনুযায়ী তাঁকে শাপলা প্লাস্টিক মোড়ে ডেকে এনে সিএনজিতে তুলে নিয়ে অপহরণ করা হয় এবং শ্রীপুর বাজারের একটি বিকাশ নম্বরের মাধ্যমে পরিবার থেকে টাকা আদায়ের ভয়ভীতি দেখানো হয়। এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে । পাবনা জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান
হানি ট্র্যাপ এর শিকার হয়ে অপহৃত হওয়া কারিবুর নামের এক ব্যক্তিকে অক্ষত অবস্থায়
উদ্ধার করা হয়েছে ।
এ ধরনের অপরাধ দমনে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি ।