মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
নওগাঁর সাপাহারে ভারতীয় নেশাজাতীয় ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ ৭১০ টাকা জব্দ করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধীন সোনাডাঙ্গা বিওপির একটি বিশেষ টহলদল সাপাহার উপজেলার সোনাডাঙ্গা আটবিল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন সাপাহার উপজেলার সোনাডাঙ্গা গ্রামের মৃত মুজাফ্ফর আলীর ছেলে মো. ইউসুফ আলী (৩৫) এবং একই গ্রামের মো. সাবেদ আলীর ছেলে মো. মনিরুল (২৭)।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ২৪৯/এমপি থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাডাঙ্গা আটবিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, চারটি মোবাইল ফোন ও বাংলাদেশি নগদ ৭১০ টাকাসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাপাহার থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে জব্দ করা মালামালসহ তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।