পাবনা জেলা প্রতিনিধি:
পাবনার ফরিদপুর উপজেলার ডেমড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পানি উন্নয়ন বোর্ডের (ওয়াপদা) "চকচকিয়া বড়পিট জলাশয়" জবরদখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এলাকার কিছু ভুক্তভোগী।
গত বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় ডেমড়া হাইওয়ে রোডের চকচকিয়া ওয়াপদা জলাশয়ের পাশে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
চকচকিয়া গ্রামের খলিলের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আলেপ হোসেন ও রবিউল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। তারা অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা রইচ উদ্দিনের নেতৃত্বে একটি চক্র বেআইনিভাবে চকচকিয়া ওয়াপদা জলাশয় জবরদখল করে ভোগদখল করছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা রইচ উদ্দিন তা অস্বীকার করে বলেন, "আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে নিয়ম অনুযায়ী খাজনা-খারিজ পরিশোধ করে লিজ নিয়েছি। জবরদখল করার অভিযোগ সত্য নয়। এই ১২ একর জলাশয় চারজন—রইচ উদ্দিন, গোলাম নবী, জীবন আহম্মেদ ও কুরবান আলীর নামে আনুষ্ঠানিকভাবে লিজ নেওয়া হয়েছে।"
লিজের বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ড (পাবনা)-এর ডেমড়া শাখার উপ-সহকারী প্রকৌশলী রাজীব হোসাইন জানান, "সরকারি বিধি অনুযায়ী রেজুলেশনের মাধ্যমেই লিজ দেওয়া হয়। লিজ প্রদানকালে নথি হস্তান্তরের সময় এলাকার সবাই যেন এর সুফল পায়, সে নির্দেশনা দেওয়া হয়েছিল। এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি ঘটলে অফিস আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।"
তিনি আরও জানান, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে দুই পক্ষকে ডেকে বিষয়টির একটি সমঝোতামূলক নিষ্পত্তি করা সম্ভব।