
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ২২ অক্টোবর। এ উপলক্ষে গতকাল নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামীম হাসান।
প্রেসক্লাবের নীতিমালা অনুযায়ী সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও চারজন কার্যকরী সদস্যসহ ২১টি পদে ভোট হবে।
তফসিল অনুযায়ী ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ৭ ও ৮ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। ১১ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৩ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
তফসিল ঘোষণার মধ্য দিয়ে প্রেসক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।