পাবনা জেলা প্রতিনিধি
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য নিয়োগ পেয়েছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং পাবনার চাটমোহর উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার (৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনটিতে উপসচিব মোঃ গোলাম রব্বানীর স্বাক্ষর রয়েছে।
এর আগে বিএমডিএর চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকা আওয়ামী লীগ সংশ্লিষ্ট আখতার জাহানের সঙ্গে চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। পরবর্তীতে দুই বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ড. এম আসাদুজ্জামান। তবে ২৩ মে ২০২৫ তারিখে তাঁর ইন্তেকালের পর পদটি শূন্য হয়ে পড়ে।
পদটি শূন্য হওয়ার পর নতুন করে কৃষিবিদ হাসান জাফির তুহিনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ১৩(২) অনুযায়ী তাঁকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন তিনি। এ সময়ের মধ্যে তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতা পরিত্যাগ করতে হবে।