৪ গ্রাম হেরোইন উদ্ধার, আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ
স্টাফ রিপোর্টার, পাবনা:
পাবনার চাটমোহর উপজেলায় থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রাম থেকে শাকিল হোসেন পলাশ (২৬) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আটক পলাশ বেজপাড়া এলাকার মজনুর রহমান চঞ্চলের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
চাটমোহর থানা সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় সোমবার কুবিরদিয়ার এলাকার একটি বাঁশবাগানে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম মোস্তফা।