নিজস্ব প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় সরকারি সম্পত্তি উদ্ধার ও দখলমুক্ত করনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার পাড় ভাঙ্গুরা ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিক্ষোভ মিছিলে শতাধিক গ্রামবাসী অংশগ্রহণ করেন।
জানা গেছে, পাটুলি পাড়া গ্রামের মৃত ভাদু সরকারের ছেলে ইউনুস আলী সরকার দীর্ঘদিন যাবত প্রায় ৬ শতক সরকারি সম্পত্তি (রাস্তা সংলগ্ন) দখল করে দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছেন । ইউনুস আলী সরকার প্রভাবশালী এবং সম্পদশালী হওয়ার কারণে ও গ্রামবাসী তার বিরুদ্ধে অভিযোগ করেও তেমন কোনো সুবিধা করতে পারেননি। এই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাটুলিপাড়া বাজারে আনুষ্ঠানিক ভাবে তারা প্রভাবশালীর হাত থেকে সরকারি সম্পত্তি মুক্ত করার লক্ষ্যে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা সরকারি সম্পত্তি অবৈধভাবে দখলের বিরুদ্ধে নানান ধরনের স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ মিছিলটি স্থানীয়ভাবে পাটুলিপাড়া বাজার প্রদক্ষিণ করে।
গ্রামবাসীর পক্ষে নেতৃত্ব দেন রুবেল সরকার ও হালিম প্রামানিক সহ প্রায় শতাধিক গ্রামবাসী।